উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীর সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবন করে জনশান্তি বিনষ্ট করার দায়ে দুইজনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জাহিদা আক্তার মৌসুমির নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও অংশ নেন।
সদর উপজেলার দত্তেরহাট পানির ট্যাংক ও সোনাপুর বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার ডেমা এলাকার মো. তুহিন এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার রামপুর এলাকার মো. রুবেল মিয়া।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জনস্বার্থে মাদক নির্মূলে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।