উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্যালন ডি’অর জয়ের দৌড়ে হ্যারি কেইনের পক্ষে এবার জোরালো বক্তব্য দিয়েছেন বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানি। ইংলিশ এই স্ট্রাইকারের অসাধারণ পারফরম্যান্স, দলীয় স্বার্থে খেলার মানসিকতা ও ধারাবাহিকতার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। কোম্পানি মনে করেন, ক্যারিয়ারের বর্তমান পর্যায়ে হ্যারি কেইনের এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি পাওয়ার পূর্ণ যোগ্যতা রয়েছে।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কেইন। আলফোনসো ডেভিসের করা গোলে সহায়তা করার পাশাপাশি তিনি নিজে পেনাল্টি থেকে গোল করেন। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হেইনের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত কথা বলেন বায়ার্ন কোচ।
কোম্পানির মতে, কেইনের অবদান কেবল গোল করার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। দলের প্রয়োজনে তিনি কখনো আক্রমণভাগে আবার কখনো মাঝমাঠে নেমে খেলা তৈরি করেন। এমনকি রক্ষণভাগের খেলোয়াড়দেরও তিনি সমানভাবে সহায়তা করেন। দলের স্বার্থে নিজের খেলার ভূমিকা বদলে নেওয়ার এই অনন্য মানসিকতাই কেইনকে বাকি সবার চেয়ে আলাদা করেছে।
উল্লেখ্য, গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত খেলে মোট ৭৩টি গোল করেছিলেন হ্যারি কেইন। এর পাশাপাশি বায়ার্নের হয়ে তিনি ঘরোয়া শিরোপাও নিজের নামের পাশে যুক্ত করেছেন। আগামী সোমবার লন্ডনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অরজয়ীর নাম। ফুটবল বিশ্লেষকদের একটি বড় অংশ এই পুরস্কার জয়ের ক্ষেত্রে কেইনকেই সবচেয়ে এগিয়ে রাখছেন।