উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক বিশেষ দূতের বৈঠক এবং আটক এক মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার পর মস্কো বুধবার জানিয়েছে, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে তারা প্রস্তুত। শীত আসার আগে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার অব্যাহত হামলার মধ্যেই পুতিনের সঙ্গে উইটকফের নবম বৈঠক অনুষ্ঠিত হলো। কিয়েভ জানিয়েছে, রাশিয়ার হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে রাজধানী কিয়েভে দুজন ও পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে এক বয়স্ক দম্পতি রয়েছেন।
মঙ্গলবার অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে রাশিয়ায় যান উইটকফ। জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে তীব্র মতবিরোধ কমিয়ে আনাই ছিল ওই বৈঠকের লক্ষ্য। পুতিনের সঙ্গে আলোচনায় ভার্চুয়ালি অংশ নেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও। ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ এএফপিসহ সাংবাদিকদের বলেন, নীতিগতভাবে রাশিয়া নভেম্বরের মাঝামাঝি সময়ে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের পর এ আলোচনা শুরু হতে পারে। ক্রেমলিন চায়, আলোচনায় যুদ্ধ-পরবর্তী নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাক।
উশাকভ বলেন, অসলো বৈঠকে ইউরোপীয় দেশগুলো ও কিয়েভের দৃষ্টিভঙ্গিতে আসা ‘কিছু নতুন দিক’ সম্পর্কে পুতিনকে অবহিত করেছেন উইটকফ। তবে তিনি যোগ করেন, এসব প্রস্তাবে ‘প্রকৃত অর্থে তেমন কোনো সারবস্তু ছিল না’। উশাকভ আরও জানান, আগামী মাসে চীনের শেনজেনে পুতিন, ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের অংশগ্রহণে একটি শীর্ষ সম্মেলনের প্রস্তুতি চলছে। তিনি একে ‘ইতিহাসে এ ধরণের প্রথম বৈঠক’ বলে অভিহিত করেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন ভোক্তাদের জ্বালানির দাম কমানোর প্রচেষ্টা হিসেবে এ সমঝোতাকে দেখা হচ্ছে। ওই নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসে নিয়ন্ত্রণ হারাতে পারে। তবে যুদ্ধের অবসানে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের অবসানের ক্ষেত্রে এ পর্যন্ত সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছেছে পক্ষগুলো। অন্যদিকে, মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেওয়ায় পুতিনকে ‘মানবিক’ বলে প্রশংসা করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।