উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দিনাজপুর শহরের নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার ২২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বার্ষিক সদস্য রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে নেতৃত্ব তৈরি করছে। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং দেশ গঠন ও মানবতার কল্যাণের জন্যই তাদের রাজনীতি এবং রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।
মাওলানা আবদুল হালিম আরও বলেন, এ দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে জামায়াতে ইসলামী অতীতেও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে। জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী রাজপথে থাকবে। মানুষের হৃদয়ে স্থান করে নিতে হলে দায়িত্বশীলদের উন্নত নৈতিক চরিত্র, সততা, আদর্শ ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাদ্দিস ডক্টর এনামুল হক। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য ও নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এবং চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর আফতাব উদ্দীন মোল্লা।
এছাড়াও সম্মেলনে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ এবং সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত। জেলার ১৩টি উপজেলা থেকে নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ১ হাজার ৮০০ রুকন ও ডেলিগেট এই সম্মেলনে অংশ নেন।