উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বর্তমানে স্টেজ শো নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন দেশের জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম। দেশ ও দেশের বাইরে নিয়মিত কনসার্টে অংশ নিচ্ছেন তিনি। বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে।
কয়েকদিন আগেই নিউ ইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিয়েছেন মিলা। সেখানে তিনি সেরা নারী সংগীতশিল্পী হিসেবে পুরস্কার অর্জন করেছেন। মিলা জানান, এবারের এই মার্কিন সফর মূলত একটু ঘোরাঘুরি করার উদ্দেশ্যে হলেও তিনি বেশ সময়টি উপভোগ করছেন। আমেরিকা থেকে দেশে ফিরেও তার শো নিয়ে টানা ব্যস্ততা রয়েছে বলে জানান তিনি।
শুধু স্টেজ শো নয়, দেশে ফিরে নতুন গান নিয়েও ব্যস্ত হয়ে উঠবেন এই শিল্পী। চলতি বছর ‘মালিক’ সিনেমায় একটি আইটেম গান করেছেন তিনি। এর আগে ‘ইনসাফ’ সিনেমায় ‘আকাশেতে লক্ষ তারা’ গানটি নতুন করে গেয়েছেন মিলা, যা বেশ দর্শকপ্রিয়তা লাভ করেছে।
নতুন গান প্রসঙ্গে মিলা বলেন, অনেক ধরনের প্রস্তাব রয়েছে গানের, যার মধ্যে প্লেব্যাকও রয়েছে। এর বাইরে নিজের মতো করে গান করতে চান তিনি। ইতিমধ্যে নিজের কম্পোজিশনে কিছু নতুন গান তৈরি করেছেন এবং নতুন বছর শেষে বা নতুন বছরে ভালো কিছু গান উপহার দেওয়ার আশা প্রকাশ করেছেন।