উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আইসিএনএলের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় নাগরিক সমাজের প্রতিনিধিরা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও সংস্কারের আহ্বান জানিয়েছেন। সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে আইসিএনএলের জ্যেষ্ঠ আইন উপদেষ্টা জ্যাকারি ল্যাম্পেল প্রস্তাবিত সংশোধনীর ওপর আইনি বিশ্লেষণ তুলে ধরেন। বুধবার ২১ অক্টোবর অনুষ্ঠিত এই আলোচনায় স্বাধীন বিচারিক তদারকি ছাড়াই অনলাইন কনটেন্ট বন্ধের ক্ষমতা এবং অস্পষ্ট বিধান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা আইনের ২৫ ও ২৬এ ধারা বাতিলের জোরালো আহ্বান জানিয়ে বলেন যে, মানহানি বা গুজব সংক্রান্ত এসব অস্পষ্ট বিধানের ফলে স্বেচ্ছাচারী প্রয়োগের সুযোগ তৈরি হতে পারে। খসড়া আইনটিতে সাংবাদিক, প্রান্তিক জনগোষ্ঠী ও অভিবাসী শ্রমিকদের সুরক্ষার অভাব রয়েছে এবং জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতা রক্ষায় শক্তিশালী বিধান যুক্ত করা জরুরি। এছাড়া ২৯(৩) ধারার অধীনে সংগঠনের নিবন্ধন বাতিলের মতো কঠোর পদক্ষেপ কেবল সর্বশেষ অবলম্বন হিসেবে গ্রহণের সুপারিশ করা হয়।
আইসিএনএলের বিশ্লেষণে বলা হয়েছে যে, অনলাইন হুমকি মোকাবিলায় গৃহীত পদক্ষেপগুলোকে অবশ্যই মৌলিক অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ভবিষ্যতে যেকোনো পদক্ষেপে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নাগরিক সমাজ, বিরোধী রাজনৈতিক দল এবং সংখ্যালঘুসহ সকল সম্প্রদায়ের সঙ্গে উন্মুক্ত পরামর্শ প্রক্রিয়া চাল রাখার আহ্বান জানানো হয়েছে।