উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রিটিশ বহুজাতিক ব্যাংক বার্কলেস চলতি বছর প্রায় ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পরিচালন ব্যয় কমানোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছাঁটাইয়ের ফলে ব্যাংকটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশ চাকরি হারাতে চলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ব্যাংকটির প্রধান আর্থিক কর্মকর্তা আনা ক্রস জানিয়েছেন, ছাঁটাইয়ের প্রায় ৬০ শতাংশ হবে সহায়ক বিভাগগুলোতে। এসব বিভাগের মধ্যে সফটওয়্যার ডেভেলপারদের মতো প্রযুক্তিসংশ্লিষ্ট কর্মীরাও অন্তর্ভুক্ত রয়েছেন। ইতিমধ্যে ব্যাংকটি থেকে প্রায় ১ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে এবং বাকি কর্মীদের চলতি বছরের শেষ নাগাদ বিদায় করা হবে।
বিশ্বের বিভিন্ন ব্যাংক এআই ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ক্রমান্বয়ে কর্মীর সংখ্যা হ্রাসের পথে হাঁটছে। বিশেষ করে প্রযুক্তি ও সহায়ক বিভাগগুলোতে নিয়মিত কাজের বড় অংশ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হওয়ায় কর্মীরা ঝুঁকির মুখে পড়ছেন। সফটওয়্যার লেখা, পরীক্ষা-নিরীক্ষা ও তথ্য প্রক্রিয়াকরণের মতো কাজগুলোর জন্য এখন আর বড় কর্মীদল প্রয়োজন হচ্ছে না।
বার্কলেসের কর্মী ছাঁটাইয়ের এই পরিকল্পনা মূলত প্রযুক্তিনির্ভর ব্যয় হ্রাসের সার্বিক প্রবণতারই একটি অংশ। তবে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যয় সাশ্রয় করে মুনাফা বাড়ানো কেবল কর্মী ছাঁটাইয়ের ওপর নির্ভর করছে না। এর জন্য পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি অন্যান্য ব্যবসা থেকে আয় ধরে রাখার ওপরও বিশেষ জোর দিতে হচ্ছে।