উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইউরেশিয়ায় বিধ্বংসী বহিরাগত হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। বৃহস্পতিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। রাশিয়া সফররত চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের বৈঠকের সময় বিবৃতিটি প্রকাশ করা হয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য জানায়।
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, দুই পক্ষ মনে করে বর্তমান ইউরেশিয়া মহাদেশে স্থিতিশীলতা নষ্ট হওয়ার প্রধান কারণ হলো এই বিধ্বংসী হস্তক্ষেপ। ইউরেশীয় সংহতির প্রক্রিয়া ব্যাহত করতে বলপ্রয়োগের মাধ্যমে বহিরাগত চাপ সৃষ্টির যেকোনো পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে তারা। এছাড়া পরস্পরের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে উভয় পক্ষ সব সময় একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করবে বলে জানায়।
বিবৃতিতে বলা হয়, রাশিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা, জাতীয় ঐক্য, উন্নয়ন ও সমৃদ্ধি, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়াকে সমর্থন করে চীন। একই সঙ্গে রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত শক্তির হস্তক্ষেপের জোরালো বিরোধিতা করে দেশটি। তবে পুতিনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য আসন্ন বৈঠকের বিষয়ে এতে কিছু বলা হয়নি।
ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ বুধবার সাংবাদিকদের জানান যে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে প্রথমবারের মতো সম্ভাব্য একটি বৈঠকের প্রস্তুতি চলছে। আগামী মাসে চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্মেলনের কর্মসূচিতে বৈঠকটি অন্তর্ভুক্ত করাই এর লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।