উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাগেরহাটের সুন্দরবনের কয়রা থানাধীন গোলখালীর সিংয়ের বাঁধ সংলগ্ন এলাকা থেকে ১৩.৭ কেজি হরিণের মাংসসহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। উদ্ধার করা এসব বন্যপ্রাণীর আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে একই দিন সকাল আটটায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে তল্লাশি চালিয়ে হরিণের মাংস ছাড়াও চারটি পা, একটি মাথা ও একটি চামড়া উদ্ধার করা হয়। পরে জব্দকৃত সমস্ত আলামত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বন্যপ্রাণি শিকার ও পাচার রোধে তাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।