উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কলম্বিয়ার ডানপন্থি প্রেসিডেন্টের বিরুদ্ধে সাম্প্রতিক বিক্ষোভ চলাকালে পাঁচ সাংবাদিক পুলিশের হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা একটি অলাভজনক সংস্থা বা এনজিও এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা পর্যবেক্ষণকারী সংস্থা ফাউন্ডেশন ফর প্রেস ফ্রিডম (এফএলআইপি) জানিয়েছে, গত ১৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর শারীরিক হামলা ও তাদেরকে ইচ্ছাকৃত আটক করার ঘটনা নথিভুক্ত করেছে তারা।
ওই সময়ে যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলার সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এফএলআইপি বলেছে, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই সাংবাদিকদের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠেছে—এটি উদ্বেগজনক। কলম্বিয়াভিত্তিক সংস্থাটি জানিয়েছে, মেডেলিন, ইবাগে ও রাজধানী বোগোতায় এসব ঘটনা ঘটেছে।
বিক্ষোভের শুরুতে পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও রাতে তা সহিংস হয়ে ওঠে। এ সময় দাঙ্গা নিয়ন্ত্রণে নিয়োজিত পুলিশ সদস্যরা স্টান গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন। কলম্বিয়ার সরকারের সঙ্গে সংবাদমাধ্যমের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ রয়েছে।
গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট দে লা এস্প্রিয়েলা সরকারি তথ্যের ওপর নিয়ন্ত্রণ তার নিজস্ব দপ্তরে কেন্দ্রীভূত করেছেন। বর্তমান সরকারের কোনো মন্ত্রীকেই সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।