উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাঙ্গামাটিতে বর্ণিল আনন্দে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় আয়োজন শুরু হয়েছে। আগামী ২৫ অক্টোবর মূল অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও আজ শুক্রবার থেকেই জেলার বিভিন্ন বিহারে উৎসবের আমেজ শুরু হয়েছে। রাঙ্গামাটি সদরের বালুখালি এলাকার তপোবন অরণ্য কুটিরে আজ সকালে হাজারো বৌদ্ধ নর-নারীর ঢল নামে। সাদা পোশাকে সমবেত পুণ্যার্থীদের প্রার্থনা আর সাধু সাধু ধ্বনিতে পুরো কুটির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে এবং নানা পুণ্যকর্ম সম্পাদিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। সংঘপ্রধান হিসেবে পুণ্যার্থীদের পঞ্চশীল প্রদান ও ধর্মদেশনা দেন বনভান্তের শিষ্যসংঘের প্রধান ও রাজবন বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাথের। অনুষ্ঠানে অন্যান্য বৌদ্ধ ধর্মীয় গুরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। পাহাড়ের দূর-দূরান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে এ সময় দেশের মানুষের মঙ্গল কামনায় সমবেত ভাবনা ও প্রার্থনা করা হয়।
দীর্ঘ তিন মাসের প্রথাগত বর্ষাবাস যাপন শেষে বৌদ্ধ ভিক্ষুরা এখন মানবকল্যাণে ধর্ম প্রচারে বেরিয়ে পড়বেন। আগামী ২৫ অক্টোবর মূল প্রবারণা পূর্ণিমা উদযাপিত হবে এবং এই শুভ তিথির পরদিনই মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু হবে। পাপমোচন, মৈত্রীভাব এবং জগতের সকল প্রাণির সুখ-শান্তি কামনায় পাহাড়ে এখন অপরূপ ধর্মীয় ও উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে।