উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইউরোপের তিন দেশ থেকে বিশেষ বিমানে দেশে ফেরত পাঠানো হয়েছে ৩৫ জন বাংলাদেশিকে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সোয়া ৮টায় একটি বিশেষ বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের ব্যবস্থাপনায় এই প্রত্যাবাসন ফ্লাইটটি পরিচালনা করা হয়। ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ইতালি থেকে এসেছেন ১৯ জন, গ্রিস থেকে এসেছেন ১০ জন এবং সাইপ্রাস থেকে এসেছেন ৬ জন। বিমানবন্দরে পৌঁছানোর পর ফেরত আসা এসব বাংলাদেশিকে জরুরি সহায়তা, পরামর্শ এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচি। এ কাজে সহযোগিতা করেছে বিমানবন্দরের সিভিল এভিয়েশন নিরাপত্তা বিভাগ ও প্রবাসী কল্যাণ ডেস্ক।
ব্র্যাকের অভিবাসন কর্মসূচি ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় তাদের এই সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে পরামর্শ ও প্রশিক্ষণ শেষে তাঁদের অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে, যাতে তাঁরা নতুন করে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করতে পারেন।
উল্লেখ্য, ইউরোপ থেকে নথিপত্রহীন বা অনিয়মিত বাংলাদেশিদের ফেরত আনতে বাংলাদেশ সরকার ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি ফেরত এসেছেন, যার মধ্যে সবচেয়ে বেশি ফেরত এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্স থেকে। ঝুঁকি নিয়ে অনিয়মিত পথে ইউরোপ যাত্রা নিরুৎসাহিত করতে দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।