উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নতুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করে রাজধানী ঢাকায় গণবিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী ৩০ অক্টোবর দুপুর তিনটায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই গণবিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত গণসংযোগ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন এনসিপির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকারের সার্বিক ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর নিতে হবে এবং তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, চার দফা দাবিতে আগামী ৩০ অক্টোবর ঢাকায় গণবিক্ষোভ পালন করা হবে এবং ঢাকা মহানগর থেকে শুরু করে সারা দেশে এই কর্মসূচি চলবে। সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম বিস্তারের জন্যই মূলত এই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান। পুনর্গঠিত এই কমিটি নিয়ে সামনে গণতান্ত্রিকভাবে কাউন্সিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিসংখ্যান তুলে ধরে এনসিপি নেতা জানান, গত নয় মাসে রাজনৈতিক সহিংসতায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে ১১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া গণপ্রতিনিধিদের মধ্যে নিহত হয়েছেন ৮৭ জন এবং ধর্ষণের শিকার হয়েছেন ৬৩৭ জন নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করে গ্রেপ্তার হয়েছেন ২২ জন।
অনুষ্ঠানে বর্তমান বাজারদরের চিত্র তুলে ধরে জানানো হয়, সয়াবিন তেল ২০০ থেকে ২১০ টাকা এবং ডিম ১৪০ থেকে ১৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এনসিপি অবিলম্বে সাইবার আইন বাতিল, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রونসহ চার দফা দাবি জানিয়েছে।