উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিম কার্ডের সঙ্গে সংযুক্ত বা লিঙ্ক করতেই হবে হোয়াট্সঅ্যাপ বা টেলিগ্রাম অ্যাকাউন্ট। এই মর্মে এ বার বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। এতে মেসেজিং অ্যাপের অপব্যবহার যে অনেকটা হ্রাস পাবে, তা বলাই বাহুল্য।
সম্প্রতি, মেসেজিং অ্যাপগুলিকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রক বা ডিওটি। সেখানেই বাধ্যতামূলক ভাবে সিম কার্ডের সঙ্গে হোয়াট্সঅ্যাপ বা টেলিগ্রাম অ্যাকাউন্টকে সংযুক্ত করতে বলা হয়েছে। অবশ্যই তার আগে সিম কার্ডের কেওয়াইসি যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বর্তমানে সিম কার্ড ছাড়াই মেসেজিং অ্যাপ ব্যবহার করে থাকেন গ্রাহকদের একাংশ এবং ওয়াই-ফাইয়ের সাহায্যে তথ্য আদান প্রদান করেন। এই প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করতে চাইছে কেন্দ্র। ডিওটি-র নতুন নির্দেশিকা অনুযায়ী, ৩১ ডিসেম্বরের পর সিম কার্ড লিঙ্ক না থাকলে বন্ধ হতে পারে ওই অ্যাপগুলির পরিষেবা।
কেন্দ্রের এই নিয়ম অ্যান্ড্রয়েড এবং আইওএস, দু’ধরনের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেই প্রযোজ্য। মোদী প্রশাসনের সংশ্লিষ্ট সিম বাইন্ডিং প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে অ্যাপ্ল। আগামী বছরের ১ জানুয়ারি থেকে চালু হবে সিম বাইন্ডিং, তবে আপাতত স্ন্যাপচ্যাটকে এর আওতার বাইরে রেখেছে কেন্দ্র।