উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দুর্গাপূজার শেষ দিনে সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বী নারীরা। একে ওপরের কপালে সিঁদুর পরিয়ে দেওয়া, মিষ্টিমুখ আর ছবি তোলার আনন্দে কাটে উৎসবের মুহূর্তগুলো। তবে এই আনন্দের মধ্যে ত্বকের যত্ন নেওয়ার বিষয়টিও ভুলে গেলে চলবে না। বাজারে পাওয়া কিছু সিঁদুরে থাকা রং ও অন্যান্য উপাদান ত্বকে অস্বস্তি, চুলকানি কিংবা অ্যালার্জির কারণ হতে পারে।
সিঁদুর খেলা শেষে বাড়ি ফিরে যত দ্রুত সম্ভব মুখ ও শরীরের খোলা অংশ থেকে সিঁদুর পরিষ্কার করে নিন। প্রয়োজনে নিজের ত্বকের উপযোগী প্রসাধনী পরিষ্কারের উপাদান ব্যবহার করতে পারেন। তবে ত্বক থেকে সিঁদুর তোলার সময় জোরে ঘষাঘষি করবেন না। বারবার ঘষলে ত্বকে জ্বালাভাব ও লালচে ভাব দেখা দিতে পারে।
স্বাভাবিক তাপমাত্রার পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন এবং প্রয়োজন হলে মৃদু পরিষ্কারক ব্যবহার করতে পারেন। অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান কিংবা ত্বক শুষ্ক করে দেয় এমন পরিষ্কারক এড়িয়ে চলুন। মুখ পরিষ্কার করার পর নরম তোয়ালে দিয়ে আলতো করে পানি মুছে নিয়ে ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার লাগান।
সিঁদুর খেলার পর ত্বক লাল হয়ে গেলে, চুলকানি বা জ্বালাভাব দেখা দিলে প্রথমেই আক্রান্ত স্থান পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এ সময় সুগন্ধিযুক্ত ক্রিম, লেবুর রস কিংবা অন্য কোনো ঘরোয়া উপাদান আক্রান্ত স্থানে লাগাবেন না। সমস্যা বাড়লে, ফোসকা দেখা দিলে অথবা উপসর্গ না কমলে চিকিৎসকের পরামর্শ নিন।
চোখ ফুলে যাওয়া, শ্বাসকষ্ট কিংবা ঠোঁট ও জিহ্বা ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে। দশমীর সিঁদুর খেলা আনন্দ, আবেগ ও ঐতিহ্যের মেলবন্ধন। উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে তোলার পাশাপাশি সিঁদুর বেছে নেওয়া থেকে শুরু করে পরিষ্কার করা পর্যন্ত সচেতন থাকলেই উৎসবের আনন্দ উপভোগ করা সম্ভব।