উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ফি যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিংহভাগ শিক্ষার্থী নিজেদের কঠোর পরিশ্রম ও টিউশনির মাধ্যমে পড়াশোনার খরচ জোগান। সমাবর্তন তাদের জীবনের গুরুত্বপূর্ণ অর্জন উদ্যাপনের দিন। কিন্তু নির্ধারিত ফি অনেক শিক্ষার্থীর জন্য এ আয়োজনে অংশগ্রহণের পথ বন্ধ করে দিতে পারে।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের উদ্বেগের কথা তুলে ধরে ফি পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন। তারা অবিলম্বে সমাবর্তনের ফি কমিয়ে যৌক্তিক পর্যায়ে নির্ধারণের আহ্বান জানান।