উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে। আপাতত তাকে কোনো কেমোথেরাপি নিতে হচ্ছে না এবং শুধু ওষুধের মাধ্যমেই চিকিৎসা চলছে।
তার এই শারীরিক উন্নতিতে চিকিৎসকরাও যথেষ্ট আশাবাদী। গত ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি নিজের অসুস্থতার কথা জানান এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, বিদেশে চিকিৎসাধীন থাকলেও তার মন সবসময় দেশের মানুষ ও নিরাপদ সড়কের আন্দোলনের সঙ্গেই রয়েছে।
অসুস্থতার এই সময়ে যারা তার খোঁজ নিয়েছেন ও সুস্থতার জন্য দোয়া করেছেন, তাদের সবার প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, তিনি দেশে না থাকলেও নিরাপদ সড়ক চাই সংগঠনের কার্যক্রম কোনোভাবেই থেমে থাকবে না। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সড়ক নিরাপত্তার আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এই আন্দোলন গড়ে তোলেন ইলিয়াস কাঞ্চন। তার দীর্ঘ আন্দোলনের ফলেই ২০১৭ সাল থেকে সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করে আসছে।