উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অতীতের ফ্যাসিবাদী আমলের মতো বর্তমান নব্য ফ্যাসিবাদও মেধা হত্যার পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, পিএসসির সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। শুক্রবার বেলা ১১টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে তাঁরা আন্দোলন করছেন। ড. হামিদুর রহমান আযাদ বলেন, দুর্নীতি বন্ধের জন্য অবিলম্বে দুর্নীতির পথগুলো বন্ধ করতে হবে। দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশনের পাশাপাশি গুম-খুন রোধে স্বাধীন কমিশন গঠনের দাবিও তাঁরা জানিয়েছেন।
আসন্ন ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়ামুখী লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, জনবান্ধব ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেন ড. হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, সরকার যেন অনতিবিলম্বে জনগণের ভাষা বুঝতে পারে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত হেডকোয়ার্টার থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রতি তাঁদের আহ্বান, তাঁরা যেন প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করেন।
৩১ অক্টোবরের কর্মসূচির বিবরণ দিয়ে তিনি জানান, ওই দিন সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ ছাড়া ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন এবং সকাল ৮টায় প্রায় এক হাজার গাড়ির বহর নিয়ে লংমার্চ শুরু হবে।