উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হবে সবুজ পৃথিবী, সুন্দর জীবন -যদি করি বৃক্ষরোপণ প্রতিপাদ্য নিয়ে আজ শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খুলনায় সৌখিন বাগানীদের বৃক্ষমেলা ও প্রদর্শনী- ২০২৬ শুরু হয়েছে। পরিবেশবাদী সংগঠন সবুজে হাসি-সবুজে বাঁচি আয়োজিত এই মেলা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর শহিদ হাদিস পার্কে চলবে। প্রধান অতিথি হিসেবে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মেলার উদ্বোধন করেন এবং এ সময় ছাদ বাগানীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সবুজে হাসি-সবুজে বাঁচি সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. আমিরুল খসরুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রানা আকন্দ এবং এ সময় সংগঠনের সদস্যবৃন্দ ও ছাদ বাগানীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান যে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রধানমন্ত্রী পাঁচবছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন এবং এর অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশন নগরীতে পঁচিশ হাজার গাছের চারা রোপণ করেছে। এছাড়া একলাখ বৃক্ষের বন তৈরীর জন্য বিকাশের সাথে চুক্তি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বাড়ি নির্মাণের ক্ষেত্রে বৃক্ষরোপণের উদ্দেশ্যে জায়গা রাখা এবং ফ্যাট বাড়ির ছাদে বৃক্ষরোপণের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।