উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ২৩ অক্টোবর সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন ঘোষণা করেন। প্রতিযোগিতাটিকে দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি তার আত্মার মাগফিরাত কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, অ্যাথলেটিকসকে ক্রীড়ার জননী বলা হয় এবং এখানে ক্রীড়াবিদের গতি, শক্তি, ক্ষিপ্রতা, শৃঙ্খলা ও সহনশীলতার প্রকৃত পরীক্ষা হয়। এটির ভিত্তি মজবুত হলে অন্যান্য খেলায়ও দেশের সক্ষমতা বাড়বে এবং নিজেদের খেলোয়াড় তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের দলকে সাফল্য এনে দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং তৃণমূল পর্যায় থেকে সব ধরনের খেলাধুলাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
খেলার প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, স্পোর্টস কার্ড, স্পোর্টস অ্যালাউন্স, প্রতিভা অন্বেষণ এবং জেলা পর্যায়ে আধুনিক স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং দখলমুক্ত করে মাঠ সংরক্ষণের আহ্বান জানান তিনি। এছাড়া নারী অ্যাথলেটদের সমান সুযোগ এবং আর্থিক কারণে প্রতিভা ঝরে না পড়ার বিষয়ে স্কুল ও কলেজ পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের তাগিদ দেন।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন। এর আগে ৫৭টি দলের মার্চ পাস্ট, থিম সং পরিবেশন এবং সাবেক অ্যাথলেট মহিউদ্দিন আহমেদ ও সুমিতা রানী দাসের মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধন শেষে রাষ্ট্রপতি ১০০ মিটারের পুরুষ ও নারী স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে মেডেল প্রদান করেন।