উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসা ব্যবস্থায় আবেদনের অগ্রাধিকার নির্ধারণে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। শ্রমবাজারে প্রয়োজনীয় দক্ষ কর্মীদের দ্রুত বিবেচনার লক্ষ্যে নির্দিষ্ট ভিসার আবেদন কোন ক্রমে যাচাই ও নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে নতুন কাঠামো চালু করেছে দেশটির স্বরাষ্ট্র দপ্তর।
স্বাস্থ্যসেবা, নির্মাণ, শিক্ষকতা, কৃষি, জলজ চাষ, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ খাতের আবেদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা-স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কিছু আবেদনও এই অগ্রাধিকারের আওতায় থাকবে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র ও অভিবাসন মন্ত্রী টনি বার্কের স্বাক্ষর করা মিনিস্ট্রিয়াল ডিরেকশন ১২১ ও ১২২ গত ১৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট দক্ষ কর্মী ভিসার আগের আবেদন-প্রক্রিয়াকরণ অগ্রাধিকার কাঠামো পরিবর্তিত হয়েছে।
নতুন এই নিয়ম শুধু ১৯ সেপ্টেম্বরের পর জমা দেওয়া আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বরং এর আগে করা এবং এখনো নিষ্পত্তি হয়নি এমন আবেদনও নতুন এই ব্যবস্থার আওতায় বিবেচিত হবে। তবে অগ্রাধিকার পাওয়া মানেই ভিসা অনুমোদনের কোনো নিশ্চয়তা নেই এবং প্রত্যেক আবেদনকারীকে নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।
মিনিস্ট্রিয়াল ডিরেকশন ১২২-এ নির্দিষ্ট প্রভিশনাল ও স্থায়ী দক্ষ কর্মী ভিসার আবেদন প্রক্রিয়াকরণের জন্য চারটি অগ্রাধিকার স্তর রাখা হয়েছে। যার প্রথম স্তরে রয়েছে স্বাস্থ্যসেবা, শিক্ষকতা, নির্মাণ, কৃষি, জলজ চাষ, মৎস্য ও সম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট আবেদনগুলো।