উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলা সিনেমার কালজয়ী ‘প্রিয়জন’ সিনেমায় প্রয়াত অমর নায়ক সালমান শাহ’র বিপরীতে অভিনয় করে চিত্রনায়িকা শিল্পী আজও দর্শকের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছেন। যদিও তিনি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় জগত থেকে দূরে রয়েছেন, তবুও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে নিয়মিত তার খোঁজখবর রাখেন।
ভক্তদের এই ভালোবাসা নিয়ে চিত্রনায়িকা শিল্পী বলেন, আমি দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আছি, তবুও দর্শক এখনো আমাকে খোঁজেন এবং কাজে ফেরার বিষয়ে জানতে চান। এই ভালোবাসা আমার জন্য বিশাল পাওয়া। তিনি মনে করেন, সালমান শাহ’র সঙ্গে ‘প্রিয়জন’ সিনেমায় অভিনয় করার কারণেই দর্শক তাকে বেশি মনে রেখেছেন, কারণ এর গল্প এবং ‘এ জীবনে যারে চেয়েছি’ গানটি আজও সবার প্রিয়।
উল্লেখ্য, চলচ্চিত্রে আসার আগে আঞ্জুমান শিল্পী নারায়ণগঞ্জ জেলার শকুন্তলা নাট্যগোষ্ঠীর হয়ে মঞ্চনাটকে অভিনয় করতেন। ‘নাগ নর্তকী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার সিনেমায় অভিষেক ঘটে এবং ১৯৯৫ সালের ৫ই মে তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বাংলার কমান্ডো’ মুক্তি পায়। পরবর্তীতে ১৯৯৬ সালে তিনি সালমান শাহ’র বিপরীতে ‘প্রিয়জন’ চলচ্চিত্রে অভিনয় করেন এবং ২০০০ সালের পর চলচ্চিত্রাঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেন।