উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েসলি মাধেভেরেকে আউট করে এই কীর্তি গড়েন তিনি।
নবীর বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন মাধেভেরে কিন্তু বলের লাইন মিস করেন। বলটি তার প্যাডে লেগে স্লিপের দিকে চলে গেলে দারুণ ক্ষিপ্রতায় সেটি গ্লাভসে জমা করে স্টাম্প ভেঙে দেন উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজ।
আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় নবীর অবস্থান দুই নম্বরে এবং তালিকার শীর্ষে রয়েছেন ৪৮৭ উইকেট শিকার করা রশিদ খান। এই দুই বোলারকে বাদ দিলে অন্য কেউই দুইশো উইকেটও শিকার করতে পারেননি।
সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিন নম্বরে থাকা মুজিব উর রহমান নিয়েছেন মোট ১৮৯টি উইকেট। এছাড়া দাওলাত জাদরান ১৫৫টি ও ফজল হক ফারুকি ১২৪টি উইকেট শিকার করেছেন।