উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন এবং সমাজকল্যাণমূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুই কৃতী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা আঞ্চলিক সাংবাদিক ফোরামের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম ও সমাজকর্মী নাহিদ উজ্জামানকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ ইউএনও মো. মাজহারুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। অন্যদিকে, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা স্বর্ণপদক-২০২৬ অর্জন করায় নাহিদ উজ্জামানকে সম্মাননা জানানো হয়। তিনি উপজেলা আঞ্চলিক সাংবাদিক ফোরামের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা।
উপজেলা আঞ্চলিক সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা আলহাজ মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিসুর রহমান, উপজেলা আঞ্চলিক সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা মো. জালাল উদ্দীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি ও সাংবাদিকেরা।
অনুষ্ঠানে ইউএনও মো. মাজহারুল ইসলাম বলেন, জাতীয় পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠত্ব অর্জন তাঁর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ অর্জন শুধু তাঁর একার নয়; বরং উপজেলা প্রশাসনের সহকর্মী, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।