উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আজ ভোরে রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে বলেন, দেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পীর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বিবৃতিতে ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে সুষ্ঠু তদন্তের মাধ্যমে উক্ত ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন করার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য জোরালো দাবি জানানো হয়েছে। রাজধানীর মগবাজারে ঘটা এই গুলিবর্ষণের ঘটনা নিয়ে দেশজুড়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।