উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে থাকছেন না টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তাকে ঢাকায় রাখার এই সিদ্ধান্তটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার রাজধানীর সিরডাপে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে সরকারি সফর করবেন বলে জানা গেছে।
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সামনে রেখে আয়োজিত জাতীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ জলবায়ু পরিবর্তনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। সীমিত বাজেট নিয়েও বাংলাদেশ জলবায়ু অভিযোজনে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। কপ-৩১ সম্মেলনে জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরতে চায় বাংলাদেশ। উন্নত দেশগুলোকে তাদের অর্থায়নের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সহায়তা মূলত অনুদান হিসেবে আসা উচিত।
জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতি মোকাবিলায় একটি সুনির্দিষ্ট ফান্ডের প্রয়োজনীয়তার ওপর জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বৈশ্বিক পরিমণ্ডল ও নেগোসিয়েশন টেবিল থেকে দেশের জন্য কিছু অর্জন করতে হলে আমাদের একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর থাকতে হবে। এ লক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় একটি আন্তঃমন্ত্রণালয় ফোকাল টিম গঠন করেছে। এছাড়া পরিবেশ নিয়ে কাজ করা যুবসমাজকে এই কার্যক্রমে যুক্ত করার সুযোগ রয়েছে বলেও তিনি জানান।