উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রম শুরু হবে এবং প্রধানমন্ত্রী এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সম্প্রতি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এই সিদ্ধান্ত নেয়। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষার্থীদের দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, কোন কোন বিশ্ববিদ্যালয়ে এই কার্যক্রম চালু হচ্ছে তা দ্রুতই চূড়ান্ত করা হবে। এই প্রোগ্রাম চালুর মাধ্যমে তরুণ প্রজন্মের জন্য দেশে-বিদেশে কর্মসংস্থান ও উচ্চশিক্ষার বড় সুযোগ তৈরি হবে। এ মডেলের আওতায় স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্স ও ডিপ্লোমার পাশাপাশি দীর্ঘমেয়াদি এবং ক্রেডিট বেজড কোর্স চালু করবে বিশ্ববিদ্যালয়গুলো।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে চীনা, জাপানি, কোরিয়ান, জার্মান, ফরাসি, স্প্যানিশ, আরবি ও রুশ—এই আটটি ভাষায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। এই কার্যক্রমকে টেকসই করতে বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন ভাষা ইনস্টিটিউট বা সেন্টার স্থাপন করা হবে এবং বিদ্যমান মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারগুলোকে আরও শক্তিশালী করা হবে।
এর আগে গত ২৮ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভাষা ইনস্টিটিউট স্থাপন, বিদ্যমান রিসোর্স ম্যাপিং, ইন্টারন্যাশনালাইজেশন এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়। ভাষা শিক্ষাকে সরাসরি কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত করতে শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন গড়ে তোলার বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো চলতি অক্টোবরের মধ্যেই কমিশনকে অবহিত করবে।