উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিরোধী দল মিথ্যাচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার ২৪ অক্টোবর সকালে রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণের আগে এই মন্তব্য করেন তিনি। সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে এমন বক্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, একজন সরকারি দলের সংসদ সদস্য যে বরাদ্দ পান, একজন বিরোধী দলের সংসদ সদস্যও একই বরাদ্দ পান।
রুহুল কবির রিজভী আরও বলেন, বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। তিনি এ অবস্থানকে তারেক রহমান ও বিএনপির নেতৃত্বাধীন সরকারের অবদান হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না এবং দেশের জনগণ সচেতন রয়েছে। অগণতান্ত্রিক শক্তির সঙ্গে আঁতাত করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা জনগণ মেনে নেবে না বলেও জানান তিনি।
এ ছাড়াও জামায়াতের সেক্রেটারি জেনারেল অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। রিজভী বলেন, বিএনপি যদি আওয়ামী লীগের সঙ্গে চুক্তি করেই ক্ষমতায় আসে, তাহলে বিরোধী দলের সেই চুক্তিপত্র দেখানো উচিত। জামায়াতের আমির ডা. শাফিকুর রহমান ৫ আগস্টের রক্ত শুকানোর আগেই বলেছিলেন আওয়ামী লীগের সব কিছু মাফ করে দিবেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল। এছাড়া স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি উপস্থিত ছিলেন। কর্মসূচিতে নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।