উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিকদের জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণে দ্রুততম সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার। শনিবার (১৭ অক্টোবর) তিনি জানান, বোর্ড গঠনের লক্ষ্যে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া চলছে। চলতি অক্টোবর মাসের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
মজুরি বোর্ডের কাঠামো তুলে ধরে সচিব জানান, একজন চেয়ারম্যানের পাশাপাশি বোর্ডে একজন নিরপেক্ষ সদস্য এবং মালিক ও শ্রমিকপক্ষের একজন করে প্রতিনিধি থাকবেন। এ ছাড়া তৈরি পোশাক খাতের নির্দিষ্ট প্রতিনিধিরাও এতে অন্তর্ভুক্ত হবেন। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, প্রতিবেশী দেশগুলোর মজুরি এবং কারখানার বাস্তব অবস্থা বিবেচনা করে বোর্ডই চূড়ান্ত মজুরি নির্ধারণ করবে। মন্ত্রণালয় প্রশাসনিকভাবে একক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না।
এ বিষয়ে ইতোমধ্যে শ্রম অধিদপ্তরকে চিঠি দিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং অধিদপ্তরও সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রতিনিধি পাঠাতে তাগিদ দিয়েছে। সচিব আরও জানান, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে সরকার অত্যন্ত ইতিবাচক এবং তাদের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি অধিকার সুরক্ষায় মালিক, শ্রমিক ও সরকারের সমন্বয়ে 'বাংলাদেশ শ্রম বিধিমালা' হালনাগাদের কাজ চলছে।
আগামী ২৭ অক্টোবর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সভাপতিত্বে জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় মজুরি বোর্ড গঠন ও শ্রম বিধিমালার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। একই সঙ্গে শ্রমিকদের দাবির সুযোগ নিয়ে বাইরের কোনো স্বার্থান্বেষী মহল যেন তৈরি পোশাক খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারেও সরকার সতর্ক রয়েছে।