উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। আজ ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার সময় সংগীতশিল্পী গাড়িতে ছিলেন না এবং এতে কেউ হতাহত হননি। গুলিতে গাড়িটির পেছনের ডান পাশের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, মগবাজারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে এবং গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্কিং করা ছিল। ভোরের দিকে কে বা কারা এসে গাড়িটি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।
বিকালে আসিফ আকবর জানান, তিনি মগবাজারের অফিসে বসে বড় ছেলের সঙ্গে কথা বলার সময় সিসি ক্যামেরায় অস্বাভাবিক কিছু দেখতে পান। এর পরপরই নিচ থেকে সিকিউরিটি এসে গুলি চলার কথা জানায় এবং পুলিশকে কল করা হয়। চার-পাঁচ মিনিটের মধ্যে পুলিশ এসে হাজির হলে তিনি নিচে নেমে গাড়ির গ্লাসে গুলি লাগার বিষয়টি দেখেন।
আসিফ জানান, তার বাসায় পুলিশের কর্মকর্তারা এসেছেন এবং তাদের সঙ্গে তিনি কথা বলছেন। তিনি বলেন, তিনি অনেক বিষয় নিয়েই কথা বলেন ও প্রতিবাদ করেন, তবে এ ধরনের ঘটনা ঘটতে পারে ভাবেননি। কারো প্রতি তার কোনো সন্দেহ নেই এবং পুলিশ খুব তৎপর থেকে তদন্ত করে মূল বিষয় বের করবে বলে তিনি প্রত্যাশা করেন।