উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি এবং দেশের সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার ২৪ অক্টোবর রাজধানীর হোটেল শেরাটন বনানীতে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রকাশিত Creative Footprints শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অর্থমন্ত্রী বলেন, শিল্প-সংস্কৃতি, গ্রামীণ কারুশিল্প, সংগীত, চলচ্চিত্র ও থিয়েটারকে মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথাগত অর্থনৈতিক ভাবনায় শিল্প ও সংস্কৃতিকে পেছনে রাখা হলেও বর্তমান সরকার সেই ধারণা থেকে বেরিয়ে এসেছে। সরকারের একার পক্ষে এই খাতের দ্রুত বিকাশ সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, নীতি ও অর্থায়নের পাশাপাশি বেসরকারি খাত ও এনজিওর সঙ্গে অংশীদারত্ব গড়া হচ্ছে।
তিনি আরও বলেন, দেশীয় কারুশিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের দক্ষতা উন্নয়ন, ডিজাইন আধুনিকীকরণ এবং ব্র্যান্ডিংয়ে সরকারি সহায়তা বাড়ানো হবে। আমাজন, ইবে ও আলিবাবার মতো বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে এসব পণ্যের বাজারজাতকরণে সহায়তা প্রদান করা হবে। এর ফলে প্রান্তিক শিল্পীদের কাজের সঠিক মূল্যায়ন সম্ভব হবে, যা কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক।