উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকায় কর্মরত জাতীয় গণমাধ্যমের শিক্ষাবিষয়ক রিপোর্টারদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মীর মোহাম্মদ জসিম। যৌথভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউএজ পত্রিকার সিনিয়র রিপোর্টার সোলাইমান সালমান ও আগামী সময় পত্রিকার উপপ্রধান প্রতিবেদক নূর মোহাম্মদ। দুই বছর মেয়াদি এই কমিটিতে সাধারণ সম্পাদক পদে তারা প্রত্যেকে ১ বছর করে দায়িত্ব পালন করবেন। গত ২২ অক্টোবর ঢাকার অদূরে একটি রিসোর্টে অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় নতুন এই কমিটি নির্বাচিত হয়।
কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন সহসভাপতি মতিউর রহমান (নয়াদিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হাসান কাজল (খবরের কাগজ) এবং কোষাধ্যক্ষ নাজিউর রহমান সোহেল (বাংলাদেশ সংবাদ সংস্থা)। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে হুমায়ুন কবির (দৈনিক যুগান্তর) এবং দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে হাসান আদিব (জাগো নিউজ) দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন পিয়াস সরকার (দৈনিক মানবজমিন) ও ফরহাদ বিন নূর (স্টার নিউজ)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইউএনবির বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুল হক। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ ও সাবেক সভাপতি নিজামুল হক। এর আগে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ইরাবের বিদায়ী কমিটির সভাপতি ও ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইন। উক্ত সভায় সংগঠনের সদস্যদের কল্যাণে একটি ‘কল্যাণ ফান্ড’ গঠনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়।