উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানা ও এর আশপাশের এলাকায় শনিবার প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী। ইরান-সমর্থিত গোষ্ঠীটির সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। একই সঙ্গে মোচা শহরেও প্রায় ২০টি হামলার খবর প্রকাশ করা হয়েছে।
হুতিদের আল-মাসিরা টেলিভিশন সানায় একাধিক বিমান হামলার খবর প্রকাশ করে। এর মধ্যে একটি বাড়িতে চালানো হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। এছাড়া সানা প্রদেশের একটি সিমেন্ট কারখানায় পৃথক হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এর আগে জোটটি জানায়, সৌদি আরবের তাইফ ও ইয়ানবুর দিকে হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। রিয়াদের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা দেশটির পশ্চিমাঞ্চলের চারটি এলাকায় সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করেছিল।
উল্লেখ্য, সৌদি আরব ২০১৫ সালে ইয়েমেনের সংঘাতে সামরিক জোটের নেতৃত্ব দিয়ে হস্তক্ষেপ করে। ২০২২ সালে যুদ্ধবিরতির পর সংঘাত স্তিমিত হলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে গত জুলাইয়ে ইয়েমেনে সংঘাত আবারও শুরু হয়। এই দীর্ঘ সংঘাতে দেশটি ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে।