উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের নাট্যাঙ্গনের এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা। কয়েকদিন আগেই তার অভিনীত নতুন নাটক ‘ভালো আছো তো’ ইউটিউবে প্রকাশিত হয়েছে। নাটকে তার প্রধান সহশিল্পী হিসেবে আছেন নন্দিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আবিদ বিন প্রান্ত। নাটকটি এরই মধ্যে দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে এবং যথারীতি এই নাটকের জন্যও বেশ প্রশংসিত হচ্ছেন নীহা। নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।
এরই মধ্যে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘ইনস্টাগ্রাম’র কাজ শুরু করেছেন নীহা। এতে তার প্রধান সহশিল্পী হিসেবে আছেন খায়রুল বাসার। অভিনয় যখন শুরু করেন ঠিক তখন থেকেই নীহা এই প্রশ্নের মুখোমুখি হয়ে আসছেন যে, ঠিক কবে তিনি বাণিজ্যিক ঘরানার সিনেমাতে অভিনয় করবেন। এই প্রশ্নের জবাবে আবারো নীহা বলেন, তিনি এখনো আসলে বাণিজ্যিক ঘরানার সিনেমা বলতে যা বোঝায়, তাতে কাজ করার জন্য প্রস্তুত নন।
অবশ্যই তিনি সিনেমাতে অভিনয় করবেন তবে তা এখন নয় এবং নিজেকে প্রস্তুত করা অনেক বাকি আছে। সময় হলেই তিনি সিনেমাতে অভিনয় করবেন এবং তখন তো আসলে সবাই-ই জানতে পারবেন। সিনেমা সে তো আসলে অনেক বড় বিষয় উল্লেখ করে তিনি জানান, অভিনয়ের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করে তারপরই সেখানে কাজে নামতে চান এবং সেজন্য তিনি একটু সময় নিচ্ছেন।
এদিকে এবারই প্রথম ইয়াশ রোহান, নাজনীন নীহা ও পার্থ শেখ প্রথমবারের মতো এক নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ‘তোমার পরে তুমি’ যা নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন। এই নাটকে নীহাকে সারা চরিত্রে দেখা যাবে। নাটকের কাজটি নিয়ে সংশ্লিষ্টরা বেশ আশাবাদী।