উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, গত সাত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। একইভাবে জ্বালানি খাতেও সরকার কোনো উদ্যোগ নিতে পারেনি, তাই স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। শুক্রবার রাজধানীর কাওরান বাজারে এনসিপির আয়োজিত সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এই দাবি জানান। আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, সাত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারেননি বরং তিনি সংবিধান কাটাছেঁড়া নিয়ে ব্যস্ত রয়েছেন। ফলে ফ্যাসিবাদী কায়দায় জনগণের অধিকার হরণকারী এই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই। জ্বালানিমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, জ্বালানি খাতে সাত মাস ধরে সরকার কোনো উদ্যোগ নিতে পারেনি এবং মন্ত্রী নিজেও কোনো কথা বলেন না। আপাতত তারা এই দুই মন্ত্রীকে সরিয়ে মন্ত্রিপরিষদ পুনর্গঠনের দাবি জানাচ্ছেন, কারণ সবচেয়ে বেশি অবহেলাকারীদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে না।
সরকারপ্রধানের বক্তব্যের বিষয়ে এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, বিএনপি নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং আওয়ামী লীগের ভোটব্যাংক নিজেদের দিকে টানার কাজ করেছে। তারা বিভিন্ন নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মামলাবাণিজ্য ও ব্ল্যাকমেইল করেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, সরকার পরিবর্তন হলেও পুরোনো বন্দোবস্তের পরিবর্তন হয়নি এবং বর্তমান সরকার এখনো আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে।
পার্শ্ববর্তী দেশের সংখ্যালঘু ও দলিত মুসলমানদের ক্রমাগত নিপীড়নের কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আসাম, পশ্চিমবঙ্গসহ দিল্লিতে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে ও মুসলমানদের ঘরবাড়ি কেড়ে নেওয়া হচ্ছে। ভারত ও আওয়ামী লীগের হিন্দুত্ববাদী গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করে উল্লেখ করে তিনি বলেন, এ দেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হওয়াই তার একটি বড় উদাহরণ।