উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজারের ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়নের লক্ষ্যে আগামী সোমবার (২৬ অক্টোবর) প্রথম সভা অনুষ্ঠিত হবে। এ দিন দুপুরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং এতে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন সভাপতিত্ব করবেন।
বৈঠকে আরও উপস্থিত থাকবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাসনাত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. মাহবুবুর রহমান প্রমুখ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক কেএম আজম চৌধুরী ও ইউজিসি সচিব মো. ফখরুল ইসলামসহ অন্যরা এই বৈঠকে অংশ নেবেন।
ইউজিসি সূত্রে জানা গেছে, একাধিক বৈঠক শেষে ইউজিসি চেয়ারম্যানের কাছে একটি খসড়া আইন জমা দেবেন তারা। বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের বিপুল সম্ভাবনাময় সামুদ্রিক সম্পদ কাজে লাগাতে প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য।