উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির ৩৪তম জন্মদিনের সাজসজ্জায় ছিল দারুণ ভিন্নতা। পুরো আয়োজনটি সাজানো হয়েছিল শিউলি ফুলের নান্দনিক আবহে। এই বিশেষ আয়োজনের জন্য চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছিলেন নায়িকার এক ভক্ত।
শনিবার জন্মদিনে কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভেন্যুর সিঁড়ির পাশাপাশি নিজের পোশাকেও শিউলি ফুলের ছোঁয়া রেখেছিলেন অভিনেত্রী। কমলা রঙের শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হন তিনি।
জন্মদিনের এই জমকালো পার্টিতে আরও একটি বড় সারপ্রাইজ দেন পরীমনি। হঠাৎ করেই তিনি তার নতুন সিনেমা ‘ফারজান’-এর ঘোষণা দেন। সিনেমাটি পরিচালনা করছেন তারেক রহমান এবং এর শুটিং প্রায় শেষ হয়েছে বলে জানান তিনি।
পরীমনি বলেন, ছয় মাস আগেই তারা লুক ঠিক করেছিলেন এবং কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। সিনেমাটির কিছু কাজ বাকি আছে যা শেষ করে বিস্তারিত জানানো হবে। পরিচালক তারেক রহমানও এই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।