উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই দ্বিপক্ষীয় সফরটি অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চার দিনের সরকারি জাপান সফর করবেন এবং তার সফরসঙ্গী হিসেবে স্ত্রী জুবাইদাও থাকবেন।
সেখানে বসবাসরত ৫০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশির মধ্যে এই সফরকে কেন্দ্র করে নতুন করে ব্যাপক প্রত্যাশার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রবাসীরা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানাতে ব্যানার ও ফেস্টুন করাসহ নানা ধরনের প্রস্তুতি নিচ্ছেন।
জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং দুই দেশের সম্ভাব্য কর্মী চুক্তি নিয়ে প্রবাসীরা অত্যন্ত আশাবাদী। এ ছাড়া ভিসা জটিলতা নিরসন এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজীকরণের বিষয়েও তারা সুনির্দিষ্ট পদক্ষেপের প্রত্যাশা করছেন।
এই সফরে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরাম এবং জাপানি ব্যবসায়ীদের সাথে উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ আসবে বলে প্রবাসীরা আশা করছেন। পাশাপাশি, ঢাকা ও টোকিওর নারিতা বিমানবন্দরের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করার ঘোষণায় প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।