উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পারিবারিক জীবনে শাশুড়ির অবদান স্বীকার এবং তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর বিশেষ দিন আজ ২৫ অক্টোবর শাশুড়ি দিবস। প্রতি বছর অক্টোবর মাসের চতুর্থ রোববারে দিবসটি পালন করা হয়। এর মূল লক্ষ্য হলো পরিবারে শাশুড়ির ভূমিকা মূল্যায়ন করা এবং সম্পর্কের ইতিবাচক দিকগুলোকে স্বীকৃতি দেওয়া।
পারিবারিক জীবনে শাশুড়ির সঙ্গে সম্পর্ক কখনো মধুর, আবার কখনো চিন্তাভাবনার পার্থক্য ও মানিয়ে নেওয়ার দ্বন্দ্বে টানাপোড়েনের হতে পারে। তা সত্ত্বেও পরিবারের সুখে-দুঃখে পাশে থাকা, বিপদে সাহস জোগানো এবং নতুন সদস্যকে আপন করে নেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা অপরিসীম। তাই দিনটি সম্পর্কের দূরত্ব কমিয়ে নতুন করে বোঝাপড়া তৈরির একটি বড় উপলক্ষ হতে পারে।
দিবসটি উদযাপনে কোনো বড় আয়োজনের বাধ্যবাধকতা নেই। একটি ফোনকল, আন্তরিক খোঁজখবর নেওয়া, একসঙ্গে কিছুটা সময় কাটানো কিংবা পছন্দের উপহার দেওয়ার মাধ্যমেও ভালোবাসা প্রকাশ করা যায়। ‘ডেজ অব দ্য ইয়ার’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে বিশেষভাবে এই শাশুড়ি দিবস পালনের কথা উল্লেখ রয়েছে।