উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, পদত্যাগ করার ঠিক আগেরদিন রাতে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে বসেছিলেন আসিফ মাহমুদ। রোববার ২৫ অক্টোবর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। তিনি জানান, বিএনপিতে যোগদান করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্যই আসিফ মাহমুদ সেখানে গিয়েছিলেন।
রাশেদ খাঁন তার পোস্টে উল্লেখ করেন, মাহফুজ আলমও ধানের শীষে নির্বাচন করতে আগ্রহী ছিলেন। এই দুই জন একসাথে বিএনপিতে যোগদান ও নির্বাচনের কনফার্মেশন পাওয়ার জন্য তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বাসায় পর্যায়ক্রমে গিয়েছিলেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা বিএনপির প্রতীকে নির্বাচন করুক, তা বিএনপি চায়নি বলে তিনি জানান।
তিনি আরও বলেন, বিএনপি আসিফ মাহমুদের প্রতি আগ্রহ না দেখানোর পর সে বাধ্য হয়ে এনসিপিতে যোগদান করেছে। তবে মাহফুজ আলম বিএনপিতে সুযোগ না পেয়ে নৈতিকতা ধরে রেখেছে বলে উল্লেখ করে তার সততাকে সাধুবাদ জানান রাশেদ খাঁন। অতীত বিতর্ক ও এনসিপিতে যোগদানের বিষয়ে দোদুল্যমান অবস্থানের কারণে আসিফ মাহমুদ বর্তমানে এনসিপির সুপার সিক্সের সর্বশেষ নেতা বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির রাজনীতি সুবিধাবাদী জিন্দাবাদের রাজনীতি বলে দাবি করে রাশেদ খাঁন বলেন, বেশি আসন ও নির্বাচনী খরচ পেয়েই দলটি জামায়াত জোটে গেছে। জামায়াত ও এনসিপির ৯০ জন এমপির মেধা ও যোগ্যতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সমান নয় বলেও তিনি মন্তব্য করেন। বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতি করে উল্লেখ করে তিনি জানান, বিএনপির কাছ থেকে জামায়াত-এনসিপির বিরিয়ানির ভাগ পাওয়ার কোনো সম্ভাবনা নেই।