উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এবারের দুর্গাপূজা নিজের মতো করে পালন করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কাছের মানুষদের সঙ্গে নিয়েই মণ্ডপে ঘোরা এবং বাসায় উদ্যাপন করেছেন তিনি। বর্তমানে তিনি নতুন ফটোশুট ও নিজের ব্যবসা সামলানোর পাশাপাশি কাজেও সময় দিচ্ছেন। নিজের প্রযোজনার ‘লাল শাড়ি’ সিনেমার পর দীর্ঘ বিরতি নিয়েছিলেন এই নায়িকা।
চলতি বছর একাধিক নতুন কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন অপু বিশ্বাস। এ বছর তিনি ‘শিকার’ ও ‘দুর্বার’ নামের দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে শুটিংয়ে অংশ নিয়েছেন। কামরুজ্জামান রোমানের পরিচালনায় নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং করেছেন তিনি। এছাড়া কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী ‘দুর্বার’ সিনেমায় তার বিপরীতে প্রথমবার অভিনয় করছেন সজল।
আসন্ন রোজার ঈদে ‘দুর্বার’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এর বাইরে বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’ নামের একটি ছবিতেও অপু বিশ্বাসের অভিনয় করার কথা রয়েছে। ছবিগুলো প্রসঙ্গে অপু জানান, ছবিগুলোর নাম ও কৌতূহলোদ্দীপক গল্পের পাশাপাশি তিনি এগুলোতে চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করছেন। নতুন বছরে দর্শকরা ভালো কিছু ছবি দেখতে পাবেন বলে তিনি বিশ্বাস করেন।
চলচ্চিত্রের এই কাজের প্রস্তুতির জন্য বছরের শুরু থেকেই তিনি নিজের ওজন কিছুটা কমিয়েছেন। এর বাইরে আরও দুই-তিনটি সিনেমা নিয়ে বর্তমানে কথাবার্তা চলছে। সবকিছু ব্যাটে-বলে মিলে গেলে তিনি সেগুলোতেও কাজ করবেন বলে জানিয়েছেন।