উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোজাম্বিকের দেওয়া মাত্র ২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অনন্য কীর্তি গড়ল উগান্ডা। প্রতিপক্ষ বোলার ভিয়েরা টেম্বোকে ছক্কা হাঁকিয়ে দলকে ১০ উইকেটের সহজ ও দ্রুততম জয় এনে দেন দলটির ওপেনার রবিনসন ওবুয়া। এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩১ ম্যাচে নিজেদের ১০১তম জয় তুলে নিয়েছে তারা।
সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ১০০ বা তার বেশি ম্যাচ জয়ী দলগুলোর মধ্যে উগান্ডার জয়-পরাজয়ের অনুপাত (৩.৭৪) বর্তমানে সবার চেয়ে বেশি। এই তালিকায় ক্রিকেট পরাশক্তি ভারতও তাদের পেছনে রয়েছে। কিছুদিন আগে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়ে ইতিহাসের প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ জয়ের মাইলফলক স্পর্শ করেছিল ভারত, যাদের জয়-পরাজয়ের অনুপাত ২.৪০৯।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১০০ বা তার বেশি ম্যাচ জয়ের ক্লাবে প্রবেশ করেছে মোট ৯টি দেশ। উগান্ডা ছাড়াও এই তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। এই ৯ দলের মধ্যে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও উগান্ডা বাদে বাকি ছয়টি দলেরই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ইতিহাস রয়েছে।
সামগ্রিক বিচারে টি-টোয়েন্টিতে জয়-পরাজয়ের হারের দিক থেকে সবার ওপরে অবস্থান করছে স্পেন। ৫৪ ম্যাচে ৪৪ জয় নিয়ে তাদের অনুপাত ৪.৮৮৮ এবং দ্বিতীয় অবস্থানে থাকা পর্তুগালের অনুপাত ৪.০০। অন্যদিকে এই ফরম্যাটে অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত ২২২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে টাইগারদের জয় এসেছে ৮৯টিতে এবং হার ১২৮ ম্যাচে, যেখানে তাদের জয়-পরাজয়ের অনুপাত দাঁড়িয়েছে ০.৬৯৫।