উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি খুব শিগগিরই সম্পন্ন হবে। আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের মাত্র নয় দিন আগে রোববার এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর গত আগস্ট থেকে উত্তর আমেরিকার প্রতিবেশী দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে উত্তেজনা বেড়েছে। আলোচনা ব্যর্থ হওয়ার জেরে ট্রাম্প কানাডার বিভিন্ন পণ্যের ওপর একের পর এক নতুন করে শুল্ক আরোপ করেন।
মিশিগান অঙ্গরাজ্যের কানাডা সীমান্তবর্তী শহর পোর্ট হুরনে এক সমাবেশে ট্রাম্প বলেন, আমরা খুব শিগগিরই বিষয়টির নিষ্পত্তি করব এবং এই মুহূর্তে তারা আমাদের যেকোনো কিছু দিতে প্রস্তুত। শহরটি ট্রাম্পের শুল্কযুদ্ধের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সমাবেশে ট্রাম্প আবারও কানাডার ওপর আরোপিত শুল্কের পক্ষে যুক্তি তুলে ধরেন এবং অভিযোগ করেন যে কানাডা বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায্য আচরণ করে আসছে।
গত আগস্টে বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর আরোপিত শুল্কের আওতায় পড়ে প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্য এবং এর মধ্যে হকি খেলার স্টিক থেকে শুরু করে সিমেন্টও রয়েছে। এর জবাবে কানাডাও সমপরিমাণ মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করে এবং পাল্টা পদক্ষেপ হিসেবে ট্রাম্প পরে কিছু পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপ করেন। তবে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী অঙ্গরাজ্য মেইনের সিনেটর সুসান কলিন্সের অনুরোধের পর শুক্রবার হোয়াইট হাউস এসব শুল্কের কিছু অংশ প্রত্যাহার করে।