উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনের বকেয়া কর ও ফি জমা দেওয়ার বিশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কোনো ধরনের জরিমানা ছাড়া শুধু মূল কর ও ফি দিয়ে মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বাড়ানো হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরিমানা ছাড়া মূল কর ও ফি দিয়ে সব ধরনের যানবাহনের ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সুযোগ আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বাড়ানো হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, এটিই শেষ সুযোগ এবং নির্ধারিত সময়ের পর আর কোনো সুযোগ দেওয়া হবে না। তাই জরিমানা এড়াতে বৃহস্পতিবারের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে মোটরযানের সব ধরনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নিতে যানবাহন মালিক ও চালকদের অনুরোধ জানানো হয়েছে।