উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ধূমপান ও নিকোটিন ব্যবহারের প্রবণতা ছেলেদের মধ্যে বেশি দেখা গেলেও ইলেকট্রনিক সিগারেটের ক্ষেত্রে বদলে যাচ্ছে সেই চিত্র। যুক্তরাষ্ট্রের এক নতুন গবেষণায় দেখা গেছে, সমবয়সী ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে ভেপিংয়ের হার বেশি। বিশেষ করে ১৫ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের মধ্যে নিয়মিত ভেপ ব্যবহারের প্রবণতা বাড়ছে, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১২ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের তামাক ও নিকোটিন ব্যবহারের তথ্য বিশ্লেষণ করে এ ফলাফল পাওয়া গেছে। গবেষণার তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে ভেপিংয়ের হার বেশি দেখা যাচ্ছে। ১৫ থেকে ১৭ বছর বয়সী মেয়েদের মধ্যে নিয়মিত ভেপ ব্যবহারের হার ২০২১ সালে ছিল ৪ দশমিক ৯ শতাংশ এবং ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৮ শতাংশে। অন্যদিকে, একই বয়সী ছেলেদের মধ্যে ২০২৪ সালে নিয়মিত ভেপ ব্যবহারের হার ছিল ৪ দশমিক ৬ শতাংশ।
গবেষকেরা জানিয়েছেন, এ গবেষণায় নিয়মিত ভেপ ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণ করা হয়েছে যেখানে কৌতূহলবশত এক-দুবার ভেপ ব্যবহার করেছে এমন কিশোর-কিশোরীদের রাখা হয়নি। গবেষণায় দেখা গেছে, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত নিকোটিন ব্যবহারের ক্ষেত্রে ছেলেরা এগিয়ে ছিল এবং ১৫ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ভেপিংয়ের হার ১২ থেকে ১৪ বছর বয়সীদের তুলনায় বেশি ছিল। ২০১৮ ও ২০১৯ সালে কিশোর-কিশোরীদের মধ্যে ভেপ ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় এবং দুই দলের ব্যবধান কমে আসে।
বিভিন্ন স্বাদের ইলেকট্রনিক সিগারেটের জনপ্রিয়তা, সহজে ব্যবহার করার সুবিধা এবং আড়ালে ব্যবহারের সুযোগ এ প্রবণতা বাড়াতে ভূমিকা রেখে থাকতে পারে বলে গবেষকদের মত। ২০২১ সালে ভেপিংয়ের হার কমলেও পরবর্তী বছরগুলোতে তা আবার বাড়তে শুরু করে এবং একপর্যায়ে নিয়মিত ভেপ ব্যবহারে মেয়েরা ছেলেদের ছাড়িয়ে যায়। ২০২৪ সালে কিছুটা কমার প্রবণতা দেখা গেলেও গবেষকদের মতে মধ্যবিদ্যালয়ে পড়ুয়া অনেক মেয়েও এখনো ভেপ ব্যবহার করছে।
যুক্তরাষ্ট্রের মেডিকেল ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনার তামাক ব্যবহার বন্ধে চিকিৎসাসেবা কর্মসূচির পরিচালক বেঞ্জামিন টোল বলেন, তরুণদের মধ্যে ভেপিংয়ের সমস্যা এখনো রয়েছে এবং নতুন পরিসংখ্যান এ বিষয়ে সতর্কবার্তা দিচ্ছে। গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের মেডিকেল ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনার গবেষকেরা এবং এ নিয়ে প্রকাশিত গবেষণাপত্রটি ‘জেএএমএ পেডিয়াট্রিকস’-এ প্রকাশিত হয়েছে। গবেষণাটি যুক্তরাষ্ট্রের কিশোর-কিশোরীদের তথ্যের ভিত্তিতে করা হলেও কম বয়সীদের মধ্যে নিয়মিত নিকোটিন ব্যবহারের প্রবণতা ও এর প্রভাব নিয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা উঠে এসেছে।