উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন করে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। সাবেক মিস সুইজারল্যান্ড ও মডেল বিয়াট্রিস কিউল এই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের তৈরি একটি নতুন তদন্ত প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়, স্থানীয় সময় গত সোমবার প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাট সদস্যরা ৫০ পৃষ্ঠার এই প্রতিবেদন প্রকাশ করেন।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯৩ সালের নভেম্বরে নিউইয়র্কের প্লাজা হোটেলে একটি সুন্দরী প্রতিযোগিতা চলাকালে ট্রাম্পের দ্বারা ধর্ষণের শিকার হন বিয়াট্রিস কিউল। তখন ২৪ বছর বয়সী ওই তরুণীকে মার্কিন ভিসার ব্যবস্থা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিউলের বর্ণনা অনুযায়ী, প্লাজা হোটেলের একটি কক্ষে ট্রাম্প তাঁকে পেছন থেকে জড়িয়ে ধরে ‘আমি তোমার যত্ন নেব’ বলে ধর্ষণ করেন। এই ঘটনায় তাঁর পোশাক ছিঁড়ে যাওয়ার পাশাপাশি শরীরে আঘাতের চিহ্ন ও রক্তপাত হয়েছিল বলে জানান তিনি।
তদন্তকারীদের কাছে কিউল আরও জানান, অত্যন্ত বর্বর ওই ঘটনার পর ট্রাম্প তাঁকে বিছানার কোণে বসিয়ে বিষয়টি গোপন রাখতে বলেন। সেসময় ট্রাম্প বলেছিলেন, ‘দ্য শো মাস্ট গো অন’ অর্থাৎ অনুষ্ঠান চালিয়ে যেতে হবে। ১৯৯৩ সালের ওই ঘটনার আগে কিউলের সঙ্গে প্রয়াত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টেইনের সাক্ষাৎ হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অ্যাপস্টেইন নিজেকে ট্রাম্পের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে দাবি করেন কিউল।
এদিকে ডেমোক্র্যাটদের প্রকাশিত এই প্রতিবেদন ও বিয়াট্রিস কিউলের অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এই অভিযোগগুলোকে সম্পূর্ণ ভুয়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। ট্রাম্পের সাফল্য থেকে মার্কিন নাগরিকদের দৃষ্টি সরিয়ে নিতেই ডেমোক্র্যাটরা এই অপচেষ্টা চালাচ্ছে বলে এক বিবৃতিতে দাবি করা হয়েছে।