উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের সব বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মামুন। মঙ্গলবার (২৭ অক্টোবর) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আয়োজিত ‘ইউনিভার্সিটি ডে ২০২৬: ক্যারিয়ার অ্যান্ড জব ফেয়ার’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এবং বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিসুর রহমান এবং সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম।
উপাচার্য জানান, শিক্ষার্থীদের যুগোপযোগী করতে ‘আইসিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’, ‘চাকরির যোগ্যতা অর্জনের দক্ষতা’ এবং ‘নৈতিকতা ও প্রফেশনালিজম’ কোর্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমান সরকার এমন শিক্ষাব্যবস্থা চায় যেখানে শিক্ষার্থীরা সনদ নয়, বরং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।
অধ্যাপক ড. মামুন আরও বলেন, জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী অর্থনীতি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও সরকারের মধ্যে সমন্বয় প্রয়োজন। দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে দেশের তরুণ সমাজকে জাতীয় উন্নয়নের চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।