উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নতুন কোনো ফ্যাসিবাদের হাতে বাংলাদেশকে ইজারা দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই কথা জানান তিনি।
সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির আরও বলেন, আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে কোনো বাধা নেই। তবে দেশের মাটিতেই দলটির দোষীদের বিচার নিশ্চিত করতে হবে এবং মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতাদের হত্যার ফলাফল তাদের ভোগ করতে হবে।
আলোচনা সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, চব্বিশের চেতনা বাস্তবায়নের পথে বর্তমান সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে। ফ্যাসিবাদের পথে হেঁটে বিএনপিও এখন আওয়ামী লীগের পরিণতির দিকেই এগোচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সভায় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, ইতিহাস সাক্ষী যে বিএনপি সরকারে এলে বারবার ব্যর্থতার পরিচয় দেয় এবং দলটি এখন আওয়ামী লীগ সাজার চেষ্টা করছে। যারা জামায়াতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে বলে জানান তিনি।
জামায়াত নেতা আরও বলেন, জামায়াত কচুপাতার কোনো পানি নয় বরং এটি দেশের গণমানুষের একটি আদর্শিক রাজনৈতিক দল। ফ্যাসিস্টদের একটি ক্লাব হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন জামায়াতের শীর্ষ নেতারা।