উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্যকে প্রচলিত আইন ও বিধিবিধানের আলোকে বিবেচনা করা প্রয়োজন বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)। অপরাধ দমনে আইজিপির বক্তব্য সময়োপযোগী বলে মনে করে এই সংগঠনটি। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, পরিস্থিতি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং পুলিশ সদস্যদের পেশাগত আত্মবিশ্বাস নিশ্চিত করা প্রয়োজন।
বিবৃতিতে বলা হয়, চকবাজারে একটি কমিউনিটি ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপির বক্তব্যের মূল তাৎপর্য হলো আইনের সীমার মধ্যে থেকে পরিস্থিতি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া। পুলিশ সব সময় বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইন অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করে। সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ সর্বদা অবিচল রয়েছে।
চলতি বছরের প্রথম ১০ মাসে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর সংঘটিত হামলায় চারজন সদস্য নিহত এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন। এ বাস্তবতা পুলিশ সদস্যদের নিরাপত্তা এবং উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে। ফলে এমন পরিবেশ জরুরি, যেখানে তারা আইন প্রয়োগ করে নির্ভীক ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।
আইজিপির বক্তব্যকে প্রচলিত আইন ও বিধিবিধানের যথাযথ বাস্তবায়ন এবং জননিরাপত্তা রক্ষায় পুলিশের সক্ষমতা সুদৃঢ় করার একটি সময়োপযোগী আহ্বান হিসেবে বিবেচনা করা যেতে পারে। অপরাধ দমনে পুলিশ যদি ক্ষমতা প্রয়োগে দ্বিধাগ্রস্ত হয়, তবে অপরাধীরা উৎসাহিত হতে পারে বলে বিবৃতিতে সতর্ক করা হয়।