উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অ্যাপলের প্রথম ভাঁজ করা মডেল আইফোন ডুয়ো বাজারে আসতেই তা নিয়ে উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। জোগান কম থাকায় দেশের কালোবাজারে এই ডিভাইস চার লাখে বিকোচ্ছে এবং এক জনকে দুটির বেশি বিক্রি করা হচ্ছে না। তবে এই ডিভাইস বাজারে আসার পরেই গ্রাহকদের একাংশের মধ্যে অভিযোগের পাহাড় জমতে শুরু করেছে।
গ্রাহকদের একাংশের মতে, ব্যবহারের কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই ফোনটির ভাঁজযোগ্য ডিসপ্লেতে ফাটল দেখা দিয়েছে। ফোনটি খোলার সময় মড়মড় শব্দ শোনা গিয়েছে এবং এর পরই মাঝখানের ভাঁজ বরাবর বড় ফাটল তৈরি হয়েছে। এছাড়া কিছু ব্যবহারকারীর স্ক্রিনের ডান দিকে সাদা দাগ বা ডিসপ্লেতে অন্যান্য ত্রুটি দেখা দেওয়ার দাবিও উঠেছে।
ব্লুমবার্গ নিউজ ছজনেরও বেশি গ্রাহকের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছে এবং ক্ষতিগ্রস্ত ডিভাইসের ছবিও সামনে এনেছে। একটি বিবৃতিতে সমস্যা দেখা দেওয়ার কথা স্বীকার করে অ্যাপল জানিয়েছে, তারা আইফোন ডুয়োর অল্প কিছু ইউনিটের ভিতরের ডিসপ্লেতে সমস্যা হওয়ার বিষয়টি সম্পর্কে অবগত। অ্যাপল জানিয়েছে, ব্যবহারকারীরা অ্যাপলকেয়ারের সঙ্গে যোগাযোগ করে ডিভাইসটি বদলে নিতে পারেন।
সান দিয়েগোর বাসিন্দা টম ব্যাটল ব্লুমবার্গকে জানান যে ফোন খোলার সময় সেটি আটকে গিয়েছিল এবং স্ক্রিনে দাগ পড়ে গিয়েছিল। ভেঞ্চার ক্যাপিটালিস্ট জোনাথন কিঙের অভিজ্ঞতাও একই রকম ছিল এবং তাঁর বাইরের স্ক্রিন কাজ করলেও ভিতরের বড় স্ক্রিন ব্যবহারের উপযোগী নেই। শুক্রবার বাজারে আসা এই ফোল্ডেবল ডিভাইসটি আইফোনের ইতিহাসে সবচেয়ে বড় নকশা পরিবর্তনের সাক্ষী।